অসম্ভবকে সম্ভব করল নিটোর!

October 25, 2026 Categories: 24 student movementDaily UpdateNITOR


গত শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, দেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’ অস্ত্রোপচার।
১১ বছর বয়সী সিফাতুল মুনতাহার স্বপ্ন ছিল চিত্রশিল্পী হওয়ার। কিন্তু হাড়ের ক্যানসার ‘ইউইং সারকোমা’য় আক্রান্ত হয়ে তার জীবন সংকটের মুখে পড়ে। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার উরুর হাড় ভেঙে যায়।
এ অবস্থায় হাল ছাড়েননি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর চিকিৎসকেরা। অর্থোপেডিক অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করেন।
নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার সফল হওয়ায় নিটোর পরিবারের সবাই আনন্দিত।
এটি বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে একটি নতুন মাইলফলক। আক্রান্ত সম্পূর্ণ উরুর হাড় অপসারণ করে সেখানে বিশেষ কৃত্রিম ইমপ্লান্ট বসানোর এই অস্ত্রোপচার দেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে।
উন্নত অর্থোপেডিক অনকোলজি সেবার জন্য এখন আর কোটি টাকা খরচ করে বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না—দেশেই এ ধরনের চিকিৎসা পাওয়া যাবে।
পঙ্গুত্বের ঝুঁকি কাঁটিয়ে ছোট্ট মুনতাহা আবারও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নিটোর সবসময়ই অঙ্গীকারবদ্ধ।